ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নস্যাতে বার বার চেষ্টা চালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও হঠাৎ করে ইসরায়েল ও তার সরকারের প্রশংসা করছেন ট্রাম্প। কিন্তু, তিনি কেন এমনটা করছেন?
এ বিষয়ে রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার প্রতিনিধি টনি চেং বলেন, ইসরায়েলের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রশংসাসূচক বার্তাগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
শনিবার রাতে তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভের পর আজ রোববার লেবানন সীমান্তবর্তী কিরিয়াত শমোনা এলাকায় আরও প্রতিবাদের আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলের মেয়র ও স্থানীয় নেতারা মনে করছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
বিশেষ করে, ট্রাম্পের একটি সাম্প্রতিক টুইট এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট। ওই টুইটে তিনি ইসরায়েলকে লেবাননে আর কোনো বোমা না ফেলার জন্য ‘নিষেধ’ করেছেন। এ বিষয়টি নিয়ে সাধারণ ইসরায়েলিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকের মতে, এই যুদ্ধবিরতি প্রক্রিয়ার ফলে যুদ্ধের মূল লক্ষ্যগুলো বাধাগ্রস্ত হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, এই অসন্তোষের মুখে মিত্রদেশটিকে আশ্বস্ত করতেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের ঢালাও প্রশংসা করেছেন। মূলত অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অংশ নেওয়া নেতানিয়াহুর পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য।
এ বছরই ইসরায়েলে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প ভালো করেই জানেন যে জনমত জরিপে পিছিয়ে থাকা নেতানিয়াহুর জন্য এখন রাজনৈতিক সমর্থন কতটা জরুরি।


-1778455118-16678_1778455263.webp)

