সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দাবি করেছেন, এপস্টেইন ফাইলস থেকে মানুষের নজর সরাতেই ইরানের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে। তার মতে, এই যুদ্ধটি এমন একটি সংঘাত যা আমেরিকার জনগণ চায় না।
রোববার (১৯ এপ্রিল) দ্য জেরুজালেম পোস্ট ও জিও নিউজের প্রতিবেদন অনুসারে, কমলা হ্যারিস দাবি করেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে পড়েছেন।
ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হ্যারিস বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সেনাদের ঝুঁকির মুখে ফেলেছে। বর্তমান প্রশাসনের পরিস্থিতি মোকাবিলা করার পদ্ধতির তীব্র সমালোচনাও করেন তিনি।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত কমলা হ্যারিস তাকে একজন ‘অনিরাপদ মানুষ’ হিসেবে বর্ণনা করেন। তিনি ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্দয় এবং অযোগ্য’ প্রশাসন বলে আখ্যায়িত করেন।
হ্যারিস আরও দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ আসলে ‘এপস্টেইন ফাইল’ (দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র) থেকে মানুষের নজর সরানোর একটি দুর্বল প্রচেষ্টা মাত্র।
অপরদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে যদি কোনো বৃহত্তর বা স্থায়ী সমঝোতায় পৌঁছানো না যায়, তবে এই যুদ্ধবিরতি সমাপ্ত ঘোষণা করা হতে পারে। এ ছাড়া ইরানে হামলার হুমকি দেন তিনি।


-1778455118-16678_1778455263.webp)

