লেবাননে চলমান যুদ্ধবিরতি কার্যকরে ইতিবাচক পথে এগোচ্ছে হিজবুল্লাহ। তবে ইসরায়েল যদি কোনো কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে এর প্রতিক্রিয়া দিতে দেরি করবে না বলে জানিয়েছে তারা। এক হুঁশিয়ারি বার্তায় ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা ‘ট্রিগারে আঙুল’ রেখে জবাব দিতে প্রস্তুত।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
হিজবুল্লাহর এই অবস্থানের পরপর নিজেদের অবস্থান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যে কোনো হামলা মোকাবিলায় তারাও প্রস্তুত।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সেনাবাহিনী এবং আইআরজিসি যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুর যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে সক্ষম।
এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের লিটানি নদীর ওপর অবস্থিত কাসমিয়েহ-টায়ার সেতুটি পুনরায় সচল করার জন্য কাজ করছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সেতুটির একটি লেন সেনাবাহিনী এরই মধ্যে চলাচলের উপযোগী করেছে। সেতুটি দক্ষিণের শহর ও গ্রামগুলোকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে।
শুক্রবার সকালে এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞ ইউনিটের প্রচেষ্টায় একটি লেন চালু করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, স্থানীয় কাউন্সিল এবং সামাজিক সংস্থাগুলোর সহায়তায় পুরো সেতু দ্রুত চালুর চেষ্টা চলছে। এ ছাড়া এলাকাটির নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

