পারমাণবিক কর্মসূচি ও মহাকাশ গবেষণা নিয়ে কর্মরত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একের পর এক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা মহলেও বেড়েছে বিশেষ নজরদারি।
২০২৩ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১০ জন বিজ্ঞানী নিখোঁজ হয়েছেন অথবা রহস্যজনকভাবে মারা গেছেন। অবশেষে দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছে হোয়াইট হাউস। সম্প্রতি বিষয়টি আমলেও নিয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অতি-গোপনীয় গবেষণা প্রকল্পে জড়িত এসব বিজ্ঞানী নিখোঁজ হওয়া নিয়ে প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি জানতে চান, ট্রাম্প প্রশাসন এ ঘটনাগুলো সম্পর্কে অবগত আছেন কি না এবং বিষয়টি খতিয়ে দেখছে কি না।
জবাবে লেভিট বলেন, আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কথা বলিনি। অবশ্যই কথা বলব এবং আপনাকে উত্তর দেব। যদি এটি সত্যি হয়, তবে এই সরকার ও প্রশাসন অবশ্যই বিষয়টি খতিয়ে দেখার যোগ্য বলে মনে করবে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রতিরোধ ও মহাকাশ আধিপত্যসংক্রান্ত গবেষণায় যুক্ত অন্তত ৯ জন, সম্ভবত ১০ জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বা রহস্যজনকভাবে মারা গেছেন। আর এটি দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা মহলে উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, নিখোঁজ বিজ্ঞানীদের অনেকেই ফোন, মানিব্যাগ ও চাবির মতো প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। নিখোঁজ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানী আকস্মিকভাবে বা সহিংস পরিস্থিতিতে মারা গেছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সংবেদনশীল তথ্যের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিরা ঝুঁকিতে থাকতে পারেন। এফবিআই-এর সাবেক কর্মকর্তা ক্রিস সোয়েকার ইঙ্গিত দিয়েছেন যে, গুপ্তচরবৃত্তি বা পরিকল্পিত অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এদিকে, হোয়াইট হাউসের প্রতিক্রিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ফেডারেল সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন লিখেছেন, ‘এর মানে কি এই যে, তারা এখন বিষয়টি খতিয়ে দেখছে না? আরে বাবা, এর সঙ্গে একজন জেনারেল জড়িত ছিলেন।’
টিআরটি ওয়ার্ল্ড জানায়, এখানে তিনি মার্কিন বিমানবাহিনীর সাবেক জেনারেল উইলিয়াম নিল ম্যাকক্যাসল্যান্ডের কথা উল্লেখ করেছেন। ম্যাকক্যাসল্যান্ড গত ২৭ ফেব্রুয়ারি নিখোঁজ হন। এ ছাড়াও নিখোঁজদের মধ্যে রয়েছেন মনিকা জাসিন্তো রেজা। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির একজন সিনিয়র অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার এবং মেটেরিয়ালস প্রসেসিংয়ের পরিচালক ছিলেন।
২০২৫ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করার সময় নিখোঁজ হন। আলবুকার্কির কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের সরকারি ঠিকাদার স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের ২৮ আগস্টে নিখোঁজ হন।




