পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আখতার বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। সময় এখন ইরানের অনুকূলে রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সময় ফুরিয়ে আসছে। অর্থাৎ, আমেরিকানরা এখন পরাজিতদের কাতারে রয়েছে।
এভাবেই বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান এবং আমেরিকার মধ্যকার চলমান পরিস্থিতির ওপর নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন তিনি।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আখতার জানান, চলমান আলোচনায় আমেরিকার ন্যূনতম এবং প্রধান লক্ষ্য হলো ‘হরমুজ প্রণালি’ সচল রাখা।
তার মতে, যুক্তরাষ্ট্র চায় মার্কিন পারমাণবিক পরিদর্শকরা যেন নিয়মিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারে।
তবে তিনি স্পষ্টভাবে জানান, পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র মজুতের মতো মৌলিক ও স্পর্শকাতর ইস্যুগুলোতে ইরান তাদের অবস্থানে অনড় থাকবে। এ বিষয়গুলোতে তারা কোনো পরিবর্তন আনবে না।
পাকিস্তানের সাবেক এই সামরিক কর্মকর্তার ধারণা, ইরান হয়তো লেবানন এবং ইয়েমেনে তাদের প্রক্সি (সহযোগী) গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়ে কিছুটা ছাড় দিতে পারে। এ বিষয়ে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমঝোতা হবে।
তবে ইসরায়েল এবং মার্কিন বাহিনীর ক্রমাগত হামলা সত্ত্বেও ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন মাসুদ আখতার। তিনি বলেন, কৌশলগত দিক থেকে ইরান কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশ্ব রাজনীতির বর্তমান সময়টা তাদের অনুকূলে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হাতে সময় ক্রমশ ফুরিয়ে আসছে। অর্থাৎ,আমেরিকানরা এখন পরাজিতদের কাতারে রয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

