ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। এর ফলে ইরান-মার্কিন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানিয়েছেন, লেবানন ইস্যুতে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনায় বসতে রাজি হলেও হিজবুল্লাহর সঙ্গে কোনো প্রকার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না ইসরায়েল।
এর ফলে ইরান-মার্কিন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। কারণ, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন- লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা শুরু হতে পারে না।
ইরান চায় তাদের মিত্র হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করুক ইসরায়েল। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত অত্যন্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি বেছে নিতে হবে, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তারা উভয়টি একসঙ্গে বজায় রাখতে পারবে না।’
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে।
অপরদিকে 'দ্য টাইমস অব ইসরায়েল'-এর বরাত দিয়ে এক বিবৃতিতে লেইটার বলেন, ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে ইসরায়েল সম্মতি প্রকাশ করেছে।
তবে তিনি স্পষ্ট করে দেন যে হিজবুল্লাহর সঙ্গে কোনো আপস হবে না। তিনি বলেন, ‘ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা ক্রমাগত ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে তারাই প্রধান বাধা।’
এদিকে সংঘাতের ভয়াবহতা বেড়েই চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৫৭ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই একদিনের হামলায় নিহতের সংখ্যা এতই বেশি যে এখনও বিপুলসংখ্যক মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।


-1778455118-16678_1778455263.webp)

