লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, ইসরায়েলের এ হামলা আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবাধিকার রীতিনীতির মারাত্মক লঙ্ঘন।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেছে। ইসরায়েলের এ হামলায় অসংখ্য বেসামরিক মানুষ হতাহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে পাকিস্তানি কর্তৃপক্ষ কঠোর ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছে।
ইসলামাবাদ জানিয়েছে, ইসরায়েলের এই কর্মকাণ্ড এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। দেশটি এই ‘আগ্রাসন’ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে পাকিস্তান লেবাননের সরকার ও জনগণের প্রতি তাদের সংহতি পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তান জানিয়েছে, এই কঠিন সময়ে তারা লেবাননের পাশে আছে এবং দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানাচ্ছে।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই সর্বশেষ ইসরায়েলি হামলা চালানো হলো। যুদ্ধ নিরসনে একটি চূড়ান্ত চুক্তির জন্য এই যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে ইতোমধ্যে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন।


-1778455118-16678_1778455263.webp)

