যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাতের মধ্যে ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।
আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করেছে।
এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন—ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত বা দাবি মেনে না নেয়, তাহলে মঙ্গলবার দেশটিতে ‘একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।’
ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে, যা আর কোনদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক। তবে সম্ভবত এটি হতে চলেছে।’ পোস্টের শেষে তিনি বলেছেন, ‘কে জানে কী হয়?’
এ বিষয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের একটি ‘সমগ্র সভ্যতা’ ধ্বংস করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি—ইঙ্গিত দেয় যে তিনি ক্রমান্বয়ে ‘আরও রাগান্বিত এবং বেপরোয়া’ হয়ে উঠছেন।
আহমাদিয়ান বলেন, ‘তার সুর দিন দিন আরও কঠোর হচ্ছে, যা আমার কাছে মনে হচ্ছে তিনি সংকটে আছেন। তিনি চান তার এই হুমকিগুলো ইরানিদের ওপর আরও জোরালো প্রভাব ফেলুক এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করুক।’
এই শিক্ষক আরও জানান, ট্রাম্প তার হুমকি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারলেও ইরানকে আরও কঠোরভাবে আঘাত করার ক্ষমতা রাখেন, যার বিপরীতে তেহরানও যথাযথ জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
আহমাদিয়ান বলেন, এই যুদ্ধের শুরু থেকেই একটি বড় অচলাবস্থা তৈরি হয়েছে এবং কোনো উদ্দেশ্য হাসিল ছাড়াই এটি অব্যাহত রয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

