ইরানের সম্ভাব্য হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সেতু কিং ফাহাদ কজওয়েতে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধের তথ্য জানানো হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুসারে কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুর যান চলাচল স্থগিত করা হয়েছে।’
২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দীর্ঘ এই কজওয়েটি মূলত সৌদি আরবের সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনের সংযোগকারী একমাত্র সড়কপথ। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের যাতায়াত ও বাণিজ্যের ক্ষেত্রে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকির পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি মঙ্গলবার হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তবে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালানো হবে।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের বেসামরিক অবকাঠামোতে কোনো হামলা হলে চরম প্রতিশোধ নেওয়া হবে। এই পরিস্থিতির মাঝেই নিরাপত্তা নিশ্চিত করতে সেতুটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


-1778455118-16678_1778455263.webp)

