যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানের সবকিছু (অবকাঠামো) গুঁড়িয়ে এক করে দেওয়া হবে। ট্রুথ সোস্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন।
রোববার (৫ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
ট্রাম্প লিখেছেন, ‘মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে। তখন দেশটিতে এমনকিছু ঘটবে, যা আগে কেউ দেখেনি।
তিনি বলেন, এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। এখন শুধু দেখে যাও (আমি কী করি)।
ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু মন্তব্য প্রচার করেছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। ফক্স নিউজের প্রতিনিধি ট্রে ইয়িনস্ট জানিয়েছেন, ট্রাম্প তাকে টেলিফোনে বলেছেন: ‘তারা (ইরানিরা) যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি দেশটির সবকিছু উড়িয়ে দেওয়ার এবং তেল ক্ষেত্রগুলো দখলে নেওয়ার কথা ভাবছি।’
প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আরও যোগ করেন, ‘আপনারা দেখবেন তাদের সারা দেশের ব্রিজ এবং বিদ্যুৎকেন্দ্রগুলো (মার্কিন হামলায়) ধসে পড়ছে।’
তবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে, বর্তমানে কিছু ইরানি কর্মকর্তা ‘আলোচনা চালাচ্ছেন’ এবং আগামী সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। যদিও এর আগে ইরান চুক্তির চেষ্টা করছে বলে ট্রাম্প যে দাবি করেছিলেন, ইরানি কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।


-1778455118-16678_1778455263.webp)

