যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে নরকে পরিণত করবেন তিনি। তখন দেশটিতে এমনকিছু ঘটবে, যা আগে কেউ দেখেনি।
রোববার (৫ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি যদি বন্ধ রাখা হয়, তবে ইরানিদের জীবন নরকতুল্য করে দেওয়া হবে।
তিনি তার পোস্টে জানান, ইরানে আগামী মঙ্গলবার হবে একাধারে ‘বিদ্যুৎকেন্দ্র দিবস’ এবং ‘সেতু দিবস’। দেশটিতে এমন কিছু ঘটবে, যা আগে কখনও কেউ দেখেনি।
তিনি আরও লেখেন, ‘পাগল বেজন্মারা, ওই প্রণালি (হরমুজ) খুলে দাও, না হলে তোমরা নরকে বাস করবে। এখন শুধু দেখে যাও! খোদার প্রশংসা হোক!’
বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলার আশঙ্কা তৈরি করেছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত তেল শোধনাগার, মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।


-1778455118-16678_1778455263.webp)

