যুক্তরাষ্ট্রের পাইলট উদ্ধার অভিযানের সময় মার্কিন বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অভিযান চলাকালীন আমেরিকার বেশ কয়েকটি সামরিক বিমান ভূপাতিত করেছে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
রোববার (৫ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
মার্কিন বিমান ভূপাতিতের দাবি করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। এসব ছবি প্রকাশ করে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান চলাকালীন আমেরিকার বেশ কয়েকটি সামরিক বিমান ভূপাতিত করেছে ইরান।
এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সি-১৩০ বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে।
ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে এক বিবৃতিতে জানানো হয়, ভূপাতিত পাইলটদের উদ্ধারে শত্রুপক্ষের মরিয়া ও শত্রুতামূলক অভিযানের পর, দক্ষিণ ইসফাহানে অনুপ্রবেশকারী আক্রমণকারী বিমানগুলোকে আঘাত করে ধ্বংস করা হয়েছে।
ইরান এই ঘটনাকে তাদের সামরিক বিজয় হিসেবে চিত্রায়িত করছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে যে নেতিবাচক দাবি করা হয়েছিল, এই ঘটনাকে তার পাল্টা জবাব হিসেবে দেখছে তেহরান।
বর্তমানে মধ্যপ্রাচ্য অত্যন্ত ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের অবকাঠামোতে হামলার হুমকির পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে।


-1778455118-16678_1778455263.webp)

