মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে দীর্ঘ সাত বছর পর ইরান থেকে পুনরায় অপরিশোধিত তেল কেনা শুরু করেছে ভারত।
শনিবার (৪ এপ্রিল) ভারত সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এর আগে ২০১৯ সালে ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে ভারত দেশটি থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছিল। এরপর এই প্রথম দক্ষিণ এশিয়ার এই দেশটি আনুষ্ঠানিকভাবে ইরান থেকে তেল আমদানির কথা জানাল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার পরিস্থিতির মাঝে ভারতীয় তেল শোধনাগারগুলো ইরানসহ অন্যান্য উৎস থেকে তাদের অপরিশোধিত তেলের চাহিদা অনুসারে জোগান পেয়েছে। এখন ইরানি তেল আমদানির ক্ষেত্রে পেমেন্ট বা অর্থ পরিশোধের কোনো বাধা নেই।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত বর্তমানে ৪০টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে। বাণিজ্যিক বিবেচনার ভিত্তিতে বিভিন্ন উৎস ও ভৌগোলিক অঞ্চল থেকে তেল সংগ্রহের পূর্ণ স্বাধীনতা দেশটির সংশ্লিষ্ট সংস্থাগুলোর রয়েছে।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী মাসগুলোর জন্য ভারতের অপরিশোধিত তেলের প্রয়োজনীয় চাহিদা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল ক্রয়ের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছিল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারত তার জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে মেটায়, যার আর্থিক মূল্য ২০২৪ সালে ছিল প্রায় ১৮০ বিলিয়ন ডলার।


-1778455118-16678_1778455263.webp)

