যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক নেতারা নিহত হয়েছেন। তেহরানে একটি ভয়াবহ হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার (৫ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এর আগে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের একটি ভয়াবহ হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের কোন সেনা উইনিট এ হামলা করেছে তার বিস্তারিত বিবরণ দেননি তিনি।
একটি ভিডিও পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের কিছু সামরিক নেতা দেশটিকে অদক্ষ ও অবিবেচকের মতো পরিচালিত করেছেন। তারা তেহরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন। এ সময় ইরানের আরও অনেক অবকাঠামো ধ্বংস হয়।
তবে ওই পোস্টে ট্রাম্প হামলার সুনির্দিষ্ট সময়, নির্দিষ্ট এলাকা ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি। ওই ভিডিওটিতে রাতের আকাশে বড় ধরনের বিস্ফোরণ হতে দেখা গেলেও সেটি ঠিক কখনকার তা স্পষ্ট করা হয়নি।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।


-1778455118-16678_1778455263.webp)

