পারস্য উপসাগরীয় অঞ্চলে আরো একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার (৩ এপ্রিল) বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানায়, এ-১০ ওয়ার্টহগ মডেলের এই বিমানটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। বিমানটি এমন এক সময়ে বিধ্বস্ত হলো যখন, ইরানে মার্কিন একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার খবর নিয়ে আলোচনা চলছে।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। পরে জানা যায়, বিমানটি এফ-১৫ই স্ট্রাইক ইগল মডেলের।’
পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছে, ভূপাতিত এফ-১৫ই বিমানের দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয় ক্রুর অবস্থা এখনও অজানা এবং তাকে খুঁজে বের করতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

