ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরের সন্নিকটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
শনিবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে আইএইএ জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি এলাকায় মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, শনিবারের এই হামলার পর ওই এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি।
শনিবার পরবর্তী সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুশেহর স্থাপনায় চারবার বোমা হামলা চালানো হয়েছে। তিনি এই স্থাপনার নিরাপত্তা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদাসীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে বিশেষজ্ঞরা ইরানের পারমাণবিক বা পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা নিয়ে উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের শিল্পাঞ্চলগুলোকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করেছে।
আইএইএ’র বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারমাণবিক সাইট বা এর আশপাশের এলাকায় কখনোই আক্রমণ করা উচিত নয় বলে সতর্ক করেছেন তিনি। পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন গ্রোসি।
ইরানের পরমাণু শক্তি সংস্থাও (এইওআই) এক্স-এ এক পোস্টে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সাইটের একটি সহায়ক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মূল বিদ্যুৎকেন্দ্রটি অক্ষত রয়েছে। নিহত ব্যক্তি ওই কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী ছিলেন।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বুশেহর পরামণু কেন্দ্রটি ইরানের একমাত্র কার্যকরী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এলাকাটিতে আড়াই লাখ মানুষের বসবাস। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক কেন্দ্র হিসেবে পরিচিত বুশেহর।
এদিকে ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার দক্ষিণ খুজেস্তান অঞ্চলের বেশ কয়েকটি পেট্রোকেমিক্যাল কারখানায়ও মার্কিন ও ইসরায়েলি হামলা হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাহশাহর পেট্রোকেমিক্যালের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন স্থানেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং ফজর ১ ও ২ সহ পার্শ্ববর্তী আরও বেশকিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা মেহর ও ফার্সের খবরে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা শনিবার কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের ওপরে একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে। এর কয়েক ঘণ্টা আগে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।


-1778455118-16678_1778455263.webp)

