দক্ষিণ ইরানের খুজেস্তান প্রদেশের প্রধান পেট্রাকেমিক্যাল শিল্পাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই হামলায় ইরানের বেশ কয়েকটি তেল ও রাসায়নিক কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি জানিয়েছেন, সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে। ওই সময়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে মাহশাহর পেট্রোকেমিক্যাল এলাকায় আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
ওয়ালিউল্লাহ হায়াতি আরও জানান, ফজর ১ ও ২, রেজাল এবং আমির কবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলো এই হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও মাত্র ১০ মিনিট পর বেলা ১১টায় খোররামশাহরের শালামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালেও হামলা চালায় ইসরায়েল ও মার্কিনিরা। এই হামলায় উল্লেখযোগ্য ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান প্রদেশের ডেপুটি গভর্নর।
পরবর্তীতে আবু আলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনাতেও বিমান হামলা চালায় মার্কিন-ইসরায়েলি ফাইটার জেট।
মাহশাহর এবং বন্দর-ই ইমাম খোমেনি এলাকায় হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ অর্থনৈতিক পেট্রোকেমিক্যাল জোনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষণা করেছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এলাকার সক্রিয় শিল্প ইউনিট থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্গত হওয়া সম্ভাব্য ক্ষতিকারক পদার্থ বর্তমানে পাশের শহরগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না।


-1778455118-16678_1778455263.webp)

