মার্কিন বিমানবাহিনীর বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেশটির দুজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং মার্কিন বাহিনীর নিজস্ব প্রচেষ্টায় ওই ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বিমানের অপর সদস্যদের অবস্থা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে, শুক্রবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানের পাইলটদের খোঁজে অভিযান শুরু করে ইরানের সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনী। পাইলটদের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করে ইরান।
ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমের কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশে ইরানে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা ফাইটার পাইলট প্যারাশুটে করে নিচে (ইরানের ভূখণ্ড) নেমেছেন।
ইরানের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে ঘোষণা করা হয়েছে, বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার পাইলটকে খুঁজে বের করতে সামরিক বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশের নাগরিকদেও উদ্দেশে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, আপনারা যদি শত্রুদের পাইলট বা পাইলটদের জীবিত ধরে পুলিশ বা সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন, তবে আপনাদের মূল্যবান পুরস্কার ও বোনাস দেওয়া হবে।
এদিকে ইরানের একাধিক স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আইআরজিসির বাসিজ ও স্থানীয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছে।
একাধিক ভিডিওতে দেখা গেছে, ইরানি বাহিনী ও স্থানীয় আদিবাসীরা সরাসরি ছোট অস্ত্র দিয়ে মার্কিন উদ্ধারকারী ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারের ওপর গুলি চালাচ্ছে। যাতে মার্কিনিদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হয়।
পরে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উদ্ধার অভিযানে থাকা মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত করা হয়েছে।
সূত্র: বিবিসি


-1778455118-16678_1778455263.webp)

