অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম ইন্টারেক্টিভ কেয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও রেয়ার আল সামিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনিয়োগকারীদের অভিযোগ, রেয়ার আল সামির তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেননি, প্রতিশ্রুত মুনাফাও দেননি। বরং তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তিনি বিনিয়োগকারীদের ফোনও রিসিভ করছেন না।
একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, মোট পাওনার পরিমাণ ন্যূনতম ১০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বিনিয়োগকারীদের একজন সাদমান হোসেন বলেন, তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু এখন তাকে কেউ খুঁজে পাচ্ছে না। টাকার পরিমাণও বেশি। অথচ কোনো রিটার্ন নেই, লভ্যাংশও নেই। আমার সন্দেহ, এখানে মানি লন্ডারিংয়ের বিষয়ও থাকতে পারে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রেয়ার আল সামির। তিনি বলেন, অভিযোগগুলো সত্য নয়। কোনো মানি লন্ডারিং হয়নি। দু-এক মাসের মধ্যেই সবাই তাদের টাকা ফেরত পাবেন।
ঢাকাভিত্তিক অ্যাডটেক স্টার্টআপ ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স ২০২০ সালে রেয়ার আল সামির ও জামিলা বুপাশা খুশবু প্রতিষ্ঠা করেন। করোনা মহামারির সময় অনলাইনভিত্তিক শিক্ষার চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা পায়।
ক্যারিয়ারভিত্তিক কোর্স, রেকর্ডেড লেকচার, লাইভ ক্লাস ও মেন্টরশিপ—এ সবের সমন্বয়ে প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী দক্ষতা গড়ে তোলার ওপর জোর দেয়। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট ও ভাষা পরীক্ষার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে কোর্স চালু করে তারা।
পরবর্তীতে স্টার্টআপটি দেশি-বিদেশি বিনিয়োগ টানতে সক্ষম হয়। ২০২৩ সালে অ্যাকসেলারেটিং এশিয়া প্রোগ্রামের মাধ্যমে এক লাখ ডলার বিনিয়োগ পায়। ওই সময় এটিই ছিল একমাত্র বাংলাদেশি স্টার্টআপ, যা ওই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়।




