টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চেই ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ভারতীয় এই ক্রিকেটার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে ফাইনালে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। তার ঝোড়ো ব্যাটিংয়েই দারুণ সূচনা পায় স্বাগতিক ভারত।
এই টুর্নামেন্টের শুরুটা অবশ্য খুব ভালো ছিল না অভিষেকের। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ডাচদের বিপক্ষে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।
পরে সুপার এইটে প্রোটিয়াদের বিপক্ষে ১৫ রান করে খরা কাটান এবং জিম্বাবুয়ের বিপক্ষে একটি ফিফটি করেন। তবে এরপর আবারও ধারাবাহিকতা হারান—ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে বড় রান করতে পারেননি।
সব মিলিয়ে ফাইনালের আগে তার রান ছিল মাত্র ৮৯, গড় ছিল ১২.৭১। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ২৫ বছর বয়সি ব্যাটার।
১৮ বলে ফিফটি করে তিনি ভেঙে দেন হেনরিক ক্লাসেনের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ২০২৪ সালের ফাইনালে ২৩ বলে অর্ধশতক করেছিলেন।
অভিষেক শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি। রাচিন রবীন্দ্রর বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ২১ বলে ৫২ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।
তবে এই ঝোড়ো ইনিংসেই ভারতের ইনিংসের ভিত গড়ে দেন অভিষেক—আর বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নিজের নাম তুলে দেন রেকর্ড বইয়ে।




