আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮-এর জন্য স্বয়ংক্রিয় বাছাই প্রক্রিয়ার বিস্তারিত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে প্রথম দফায় ১২টি দলের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে, যেখানে বয়কট পরিস্থিতি সত্ত্বেও সরাসরি খেলার পথে রয়েছে বাংলাদেশ।
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আয়োজক হওয়ায় এই দুই দল আগেই স্বয়ংক্রিয়ভাবে জায়গা নিশ্চিত করেছে। এর বাইরে ২০২৬ আসরের গ্রুপপর্ব শেষে সুপার এইটে ওঠা আটটি দলও সরাসরি ২০২৮ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।
গ্রুপপর্ব শেষে সুপার এইটে জায়গা নিশ্চিত করা দলগুলো হলো—গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
এই আট দলের সঙ্গে আয়োজক দুই দল মিলিয়ে মোট ১০টি দল ইতোমধ্যে নিশ্চিত। বাকি তিনটি স্বয়ংক্রিয় টিকিট নির্ধারিত হবে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে। আগামী ৯ মার্চ নির্ধারিত কাট-অফ তারিখে প্রকাশিত র্যাংকিং অনুযায়ী শীর্ষ তিন দল সরাসরি জায়গা পাবে।
বর্তমান র্যাংকিং ও নির্ধারিত সূচি বিবেচনায় বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই তিনটি স্বয়ংক্রিয় স্থানের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ সূচিতে বড় কোনো পরিবর্তন না থাকায় র্যাংকিংয়ে উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা কম—যার ফলে সরাসরি অংশগ্রহণের পথ কার্যত উন্মুক্ত রয়েছে।
২০ দলের এই বিশ্বকাপের বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান ও শক্তিমত্তার ওপর ভিত্তি করে কোটা বণ্টন করবে আইসিসি।
সব মিলিয়ে, চলমান আসরে খেলার সুযোগ না পেলেও র্যাংকিংয়ের জোরে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ—যা দেশের ক্রিকেট সমর্থকদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।




