টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে পাকিস্তান সফরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যে রোববার বিকেলে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
জানা গেছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তাদের লাহোরে পৌঁছানোর কথা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান আমিনুল ইসলামও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সংক্ষিপ্ত এই সফর শেষে তিনি একই দিন সন্ধ্যায় দেশে ফিরবেন।
আইসিসির এই জরুরি বৈঠকটি হচ্ছে পাকিস্তান সরকারের সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে, যেখানে জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে না নামার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমাধানের পথ খুঁজতেই আইসিসি ও পিসিবির মধ্যে সরাসরি আলোচনা হতে যাচ্ছে।
এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করাতে আইসিসি ‘ব্যাক-চ্যানেল’ কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। সে উদ্যোগের অংশ হিসেবেই ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী খাজা পিসিবির সঙ্গে অনানুষ্ঠানিক সংলাপ শুরু করবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়। তিনি জানান, বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি—ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না।’
তিনি আরও যোগ করেন, ‘খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়। তবে আমরা বিষয়টি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি, এটি একটি উপযুক্ত সিদ্ধান্ত।’
সূত্র : জিওসুপার




