দীর্ঘ টানাপোড়েনের পর ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পরই এই বিষয়ে সক্রিয় হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড—এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটি ইতোমধ্যে ভারতের মাটিতে সিরিজ খেলার আগ্রহ জানিয়েছে। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও দেওয়া হয়েছে।
সম্প্রতি দুই দেশের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। নিরাপত্তা ইস্যু তুলে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরে সেই টুর্নামেন্টে তাদের জায়গা নেয় স্কটল্যান্ড।
এই প্রেক্ষাপটে নতুন বোর্ডের উদ্যোগকে অনেকেই সম্পর্ক মেরামতের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ, বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র অনুযায়ী ভারতের বাংলাদেশ সফরের সূচিও রয়েছে।
এদিকে বোর্ড পুনর্গঠনের পর তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্বও দেওয়া হয়েছে অ্যাডহক কমিটিকে। এর মধ্যেই কূটনৈতিক দিক থেকে বড় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে নতুন প্রশাসন।
অন্যদিকে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের অপসারণের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হয়েছেন। তবে তার এই পদক্ষেপ খুব একটা গুরুত্ব পাবে না বলেই মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমটি।
কারণ হিসেবে তারা জানিয়েছে এর আগে তিনিই আইসিসিকে জানিয়েছিলেন, সরকারের নির্দেশনার কারণেই বাংলাদেশ দল ভারত সফরে যায়নি। এখন আবার একই বিষয়ে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তোলায় তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দিকেই এগোতে চাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আর সেই পথের বড় পরীক্ষাই হতে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক কতটা দ্রুত স্বাভাবিক করা যায়।
সূত্র: এনডিটিভি




