তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ মোহাম্মদ ওসমান গনি। দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানেত আয়োজিত ১১তম ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন ও সহিহ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা’য় দ্বিতীয় হন তিনি।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় দেশটির আংকারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড কালচার সেন্টারে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ওসমান গনি ঢাকায় অবস্থিত শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত ও পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে।
জানা যায়, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি বিভাগে—হিফজুল কোরআন ও কেরাত। হিফজুল কোরআন বিভাগে প্রথম হয়েছেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হয়েছেন ক্যামেরুনের নুরুদ্দীন এবং তৃতীয় হয়েছেন ইয়েমেনের শিহাব আদ-দুবাই।
কেরাত বিভাগে প্রথম হয়েছেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ওসমান গনি এবং তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি।




