মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে এবার নারীদের জন্য সমুদ্রতীরে আলাদা বিচের ব্যবস্থা করেছে দেশটির সরকার। নারীদের নিরাপত্তা এবং প্রাইভেসির বিষয়টি মাথায় রেখে দুবাই এবং শারজাহ কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে। শারজাহর দিব্বাহ আল হিসনে নারীদের জন্য তৈরি স্বতন্ত্র এ বিচ পার্কের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ হাজার বর্গমিটার বলে জানিয়েছে গালফ নিউজসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম।
দুবাইয়ের আল মামযার কর্নিশে নারীদের জন্য রাতের বেলা সুইমিংয়ের সুবিধাসহ উন্নত মানের সুযোগ-সুবিধার একটি বিচ নির্মাণ করছে দুবাই কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দুবাই পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে বিচের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মারওয়ান আহমেদ বিন ঘালিতা সম্প্রতি বিচটির নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি জানান, নারীদের শতভাগ প্রাইভেসি এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের এ বিচে অনন্য স্থাপত্যশৈলী স্থান পেয়েছে।
এদিকে শারজাহর দিব্বাহ আল হিসনে নির্মিত বিচটি চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুতে খুলে দেওিয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরব আমিরাতে পূর্বাঞ্চলীয় এ এলাকায় প্রথমবারের মতো নারীদের জন্য সমুদ্র উপকূলে উন্নত সুযোগ-সুবিধা সংবলিত সাঁতার ও বিনোদনের এমন ব্যবস্থা করা হয়েছে। দিব্বাহ আল হিসন ছাড়াও কালবা এবং খোরফাক্কানেও নারীদের জন্য একই ধরনের আরও দুটি বিচ উন্নয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে শারজাহ কর্তৃপক্ষ।




