
ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে স্বস্তির গতি লক্ষ্য করা গেছে। টানা পাঁচ মাস ধরে তিন বিলিয়ন (৩০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থিরতার প্রভাবে অনেক শ্রমিক দেশে এসে সময়মতো ফিরতে পারেননি। আবার নতুন করে যেতেও ভোগান্তির মুখে পড়েছেন কেউ কেউ। এতে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। তবুও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে স্বস্তির ছোঁয়া অব্যাহত রয়েছে।
সামনে ঈদকে কেন্দ্র করে এ ধারা চলতি মাসেও একই রকম ইতিবাচক থাকতে পারে। সব মিলে চলতি অর্থবছরে ২৯ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ১৩ বিলিয়ন (৩১৩ কোটি) ডলার। আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত মার্চে দেশের রেমিট্যান্স সংগ্রহের রেকর্ড ভেঙে প্রবাসী আয় এসেছিল ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং গত ফেব্রুয়ারিতে তা ছিল ৩ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। এর আগে জানুয়ারিতে রেমিট্যান্স সংগ্রহ ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার এবং গত ডিসেম্বরে প্রবাসীরা ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, দেশের অর্থ পাচারের অন্যতম পথ হুন্ডি এবং ব্যবসার আড়ালে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের ওপর নিয়ন্ত্রণ আসায় ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে। এমনকি ইরান-ইসরায়েল সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো হ্রাস পেলেও রেমিট্যান্স বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) ২৯ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৪ দশমিক ৫৪ কোটি ডলার। এ সময়ে বেড়েছে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। যা শতকরা হিসাবে ১৯ দশমিক ৫৪ শতাংশ।
চেঞ্চ ইনিয়েশিটিভের গবেষক এবং অর্থনীতিবিদ হেলাল আহমেদ জনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটেও রেমিট্যান্স বৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বার্তা। তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে দেশের প্রতি প্রবাসীদের অবিচল সমর্থন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশে বাংলাদেশের কার্যকর নীতি সহায়তা রেকর্ড রেমিট্যান্সের মাইলফলক স্পর্শ করেছে গত মার্চ মাসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। সেখান থেকে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় বিমিএম ৬ অনুযায়ী, ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার ও গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে যায়। তবে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে রিজার্ভ ১০ বিলিয়ন ডলার বাড়ে। বর্তমানে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা অধ্যাপক তাসনীম সিদ্দিকী বলেন, বর্তমানে ব্যাংকিং চ্যানেল এবং সরকারের নীতি শক্তিশালী হওয়ার কারণে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। তবে আরও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে রেমিট্যান্সের প্রবাহ আরও দ্রুত বেড়ে যায়। সার্বিকভাবে ফাঁকফোকর দূর করা গেলে একটা সময় দেশে প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৮৯ বিলিযন ডলার এবং অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। তবে আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে প্রবাসী আয় এসেছিল ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। আর এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।




