সকালের নাশতা হিসেবে ব্রেড টোস্ট অনেকেরই পছন্দ। এটি বানানো সহজ, দ্রুত এবং ঝামেলাহীন। কিন্তু শুধু সাদা পাউরুটির টোস্ট খেলে তা শরীরকে দীর্ঘ সময় তৃপ্ত রাখতে পারে না। এতে মূলত কার্বোহাইড্রেট থাকে, কিন্তু প্রোটিন, ফ্যাট ও ফাইবারের ঘাটতি থাকে। ফলে কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধা লাগে।
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস ট্রেনার সিদ্ধার্থ সিং খুব সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে এই সাধারণ টোস্টকেই একটি ব্যালান্সড ও পুষ্টিকর খাবারে রূপান্তর করার উপায় জানিয়েছেন।
তিনি জানান, শুধু ব্রেড খেলে শরীরে প্রয়োজনীয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট (প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার) পাওয়া যায় না। এতে দ্রুত অ্যানার্জি মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হয় না। ফলে অস্বাস্থ্যকর কোনো স্ন্যাকস খাওয়ার প্রবণতা বেড়ে যায়।
ফিটনেস ট্রেনার সিদ্ধার্থ সিং টোস্টকে স্বাস্থ্যকর করার জন্য ২টি সহজ উপায় বলেন।
প্রথমত, আপনার টোস্টে চিজ যোগ করুন। অনেকে মনে করেন চিজ মানেই অস্বাস্থ্যকর, কিন্তু পরিমিত পরিমাণে এটি উপকারী হতে পারে। ১ থেকে ২ স্লাইস পরিমাণ চিজ যোগ করলে আপনার টোস্টে প্রোটিন বাড়ে, স্বাস্থ্যকর ফ্যাট যোগ হয় ও খাবার বেশি তৃপ্তিকর হয়।
দ্বিতীয়ত, টোস্টের সঙ্গে টমেটো যোগ করুন। টমেটো যোগ করলে খাবারে ফাইবার যুক্ত হয়, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
এ ছাড়া টোস্টকে আরও স্বাস্থ্যকর করতে চাইলে, প্রোটিন আরও বাড়াতে টোস্টে ১০০-২০০ গ্রাম দই যোগ করা যেতে পারে। এতে খাবারটি আরও সম্পূর্ণ ও পুষ্টিকর হয়ে ওঠে।
কেন এই ছোট পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ? এ ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, অপ্রয়োজনীয় স্ন্যাকিং কমায় আর ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয়।
মনে রাখবেন, স্বাস্থ্যকর খাওয়ার জন্য সবসময় বড় পরিবর্তন দরকার হয় না। আপনার প্রতিদিনের সাধারণ খাবারেই সামান্য কিছু যোগ-বিয়োগ করলেই সেটিকে পুষ্টিকর ও ব্যালান্সড করা সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস




