
স্বাস্থ্য সচেতন মানুষের কাছে গ্রিন টি এখন বেশ জনপ্রিয় একটি পানীয়। অনেকেই দিনের শুরু করেন এক কাপ গ্রিন টি দিয়ে। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীর সতেজ রাখা পর্যন্ত নানা কারণে এটি খাদ্যতালিকায় রাখেন অনেকে।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত গ্রিন টি পান করলে শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে এটি বিপাকক্রিয়া, মনোযোগ ও লিভারের স্বাস্থ্যে উপকার করতে পারে।
হার্ভার্ড ও স্ট্যানফোর্ডে প্রশিক্ষণ নেওয়া গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট ডা. সেথি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানান, টানা ১৪ দিন প্রতিদিন এক থেকে দুই কাপ গ্রিন টি পান করলে শরীরে কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে।
লিভারের জন্য উপকারী হতে পারে
ডা. সেথির মতে, গ্রিন টিতে থাকা ক্যাটেচিন ও ইজিসিজি নামের অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের প্রদাহ কমাতে এবং বিপাকক্রিয়া ভালো রাখতে সাহায্য করতে পারে।
তিনি জানান, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কাজ করে, যা বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের সঙ্গে সম্পর্কিত।
বাড়তে পারে মেটাবলিজম
গ্রিন টি শরীরের ফ্যাট মেটাবলিজম ও ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতেও সহায়তা করতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ।
তার ভাষায়, নিয়মিত গ্রিন টি পান করলে শরীরের বিপাকক্রিয়া কিছুটা সক্রিয় হতে পারে, যা ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।
মনোযোগ ও সতর্কতা বাড়াতে পারে
অনেকেই কফির বিকল্প হিসেবে গ্রিন টি পান করেন। কারণ এতে ক্যাফেইনের পরিমাণ তুলনামূলক কম থাকে।
এ ছাড়া গ্রিন টিতে রয়েছে এল-থিয়ানিন নামের একটি অ্যামিনো অ্যাসিড, যা মনোযোগ বাড়াতে এবং শান্তভাবে শক্তি জোগাতে সাহায্য করতে পারে।
ডা. সেথি বলেন, গ্রিন টি মস্তিষ্কে হালকা উদ্দীপনা তৈরি করে। এতে থাকা অল্প ক্যাফেইন ও এল-থিয়ানিন একসঙ্গে কাজ করে মনোযোগ বাড়াতে পারে, তবে কফির মতো অতিরিক্ত অস্থিরতা তৈরি করে না।
কতটুকু গ্রিন টি পান করা উচিত?
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১ থেকে ৩ কাপ গ্রিন টি পান করাই যথেষ্ট। তবে অতিরিক্ত ঘন বা কনসেন্ট্রেটেড গ্রিন টি এক্সট্র্যাক্ট গ্রহণে সতর্ক থাকতে হবে।
ডা. সেথির সতর্কবার্তা, অতিরিক্ত ঘন গ্রিন টি এক্সট্র্যাক্ট কিছু ক্ষেত্রে লিভারের ক্ষতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
মনে রাখবেন, গ্রিন টি স্বাস্থ্যকর অভ্যাসের অংশ হতে পারে, তবে এটি কোনো জাদুকরী সমাধান নয়। সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে গ্রিন টি যুক্ত হলে এর উপকার বেশি পাওয়া যেতে পারে।
সূত্র: এনডিটিভি




