এখন বাজার ভরে আছে তরমুজে। গরমের দিনে তৃষ্ণা মেটাতে এর মতো ফল খুব কমই আছে। এটি শুধু মিষ্টি ও রসালো নয়, পুষ্টিগুণেও ভরপুর।
তরমুজে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের নানা উপকারে আসে। চলুন আজ তরমুজের নানান স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই।
শরীরকে হাইড্রেটেড রাখে : তরমুজের বেশিরভাগ অংশই পানি। তাই এটি শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে সাহায্য করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক কাজ এবং শক্তি ধরে রাখতে পর্যাপ্ত পানি খুব গুরুত্বপূর্ণ।
পুষ্টিগুণে সমৃদ্ধ : তরমুজে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। এতে ক্যালরি কম হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। এছাড়া এতে সিট্রুলিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস : তরমুজে লাইকোপেনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এগুলো ফ্রি র্যাডিক্যালের প্রভাব কমাতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকি কমাতে পারে।
হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী : তরমুজের লাইকোপেন ও সিট্রুলিন রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এতে রক্তনালী প্রসারিত হয়, ফলে হৃদ্রোগের ঝুঁকি কিছুটা কমতে পারে।
প্রদাহ কমাতে সাহায্য করে : তরমুজে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। দীর্ঘমেয়াদি অনেক রোগের পেছনে প্রদাহ একটি গুরুত্বপূর্ণ কারণ।
হাড় ও জোড়ার জন্য উপকারী : তরমুজে থাকা কিছু উপাদান জোড়ার প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। এতে হাড়ের স্বাস্থ্যও ভালো থাকতে পারে।
চোখের স্বাস্থ্যে সহায়তা করে : তরমুজের লাইকোপেন চোখের কোষকে সুরক্ষা দিতে পারে এবং বয়সজনিত দৃষ্টিশক্তির সমস্যা কমাতে সহায়তা করতে পারে।
ব্যায়ামের পর পেশির ব্যথা কমাতে পারে : তরমুজে থাকা সিট্রুলিন পেশির ক্লান্তি ও ব্যথা কমাতে সাহায্য করতে পারে। তাই ব্যায়ামের পর এটি খাওয়া উপকারী হতে পারে।
ত্বকের জন্য ভালো : তরমুজে থাকা ভিটামিন এ ও সি ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সহায়তা করে, যা ত্বককে মসৃণ রাখে।
হজমে সহায়ক : তরমুজে পানি ও অল্প পরিমাণ ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক।
তরমুজে কি চিনি বেশি?
তরমুজে প্রাকৃতিক চিনি থাকে, তবে এটি অন্যান্য অনেক ফলের তুলনায় কম। পরিমাণ ঠিক রেখে খেলে সাধারণত সমস্যা হয় না।
রাতে তরমুজ খাওয়া যাবে?
তরমুজে পানি বেশি থাকায় রাতে খাওয়াও সম্ভব, তবে পরিমাণে বেশি না খাওয়াই ভালো।
তরমুজ একটি সহজলভ্য ও পুষ্টিকর ফল, যা শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত খাদ্যতালিকায় এটি রাখলে শরীরের বিভিন্ন উপকার পাওয়া যেতে পারে।
সূত্র : হেল্থলাইন




