বৃষ্টির আলাদা এক গন্ধ আছে, আছে পরিবেশ বদলে দেওয়ার ক্ষমতাও। অনেক সময় দেখা যায়, বৃষ্টির পর মনটা হালকা লাগে, চারপাশটা পরিষ্কার মনে হয়। গবেষণায়ও দেখা গেছে, বৃষ্টি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, শরীর ও মনের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
শুরু হয়েছে বৈশাখ মাস। সময়ে অসময়ে হবে ঝড়। যখন তখন নামবে বৃষ্টি। কাদা মাখা ব্যস্ত এ শহরে বৃষ্টি বিরক্তির কারণ হলেও মন ভালো করা এ বৃষ্টিতে ভেজার কিছু উপকার আছে। চলুন বৃষ্টিতে ভিজলে যে চারটি উপকার পাবেন সেগুলো চট করে জেনে নেওয়া যাক।
মেজাজ ভালো করতে সাহায্য করে
বৃষ্টির সময় বাতাসে নেতিবাচক আয়ন তৈরি হয়। বৃষ্টির ফোঁটা মাটিতে বা অন্য কিছুর ওপর পড়লে এই আয়ন তৈরি হয়। এগুলো মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে, যা মেজাজ ভালো রাখা এবং আরাম অনুভবের সঙ্গে সম্পর্কিত।
কিছু গবেষণায় দেখা গেছে, এই ধরনের পরিবেশে মানুষ তুলনামূলক বেশি স্বস্তি অনুভব করে। যদিও এ বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি, তবুও অনেকেই বৃষ্টির সময় মন ভালো হওয়ার অভিজ্ঞতা পান।
বাতাস পরিষ্কার করে
বৃষ্টি বাতাসের ধুলা, দূষণ ও অ্যালার্জি তৈরি করা ক্ষুদ্র কণাগুলোকে নিচে নামিয়ে আনে। ফলে বৃষ্টির পর বাতাস তুলনামূলক পরিষ্কার হয়ে যায়।
গবেষকদের মতে, বৃষ্টির ফোঁটা বাতাসে থাকা ছোট কণাগুলোকে নিজের সঙ্গে টেনে নিয়ে মাটিতে ফেলে দেয়। এতে শ্বাস নেওয়া সহজ হয় এবং পরিবেশ কিছুটা স্বাস্থ্যকর হয়ে ওঠে।
বৃষ্টির গন্ধ স্মৃতি জাগিয়ে তোলে
বৃষ্টির পর যে মাটির গন্ধ পাওয়া যায়, তাকে বলা হয় পেট্রিকর। শুকনো সময় জমে থাকা উদ্ভিদ, মাটি ও অন্যান্য জৈব উপাদান বৃষ্টির ফোঁটার আঘাতে বাতাসে ছড়িয়ে পড়ে, আর তখনই এই গন্ধ তৈরি হয়।
এই গন্ধ মানুষের মস্তিষ্কে বিশেষ প্রভাব ফেলে। এটি অনেক সময় পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয় এবং আবেগের সঙ্গে যুক্ত অনুভূতি জাগায়। তাই অনেকেই বৃষ্টির গন্ধ পেলে অতীতের কোনো মুহূর্ত মনে করতে পারেন।
বৃষ্টির শব্দ মনকে শান্ত করে
বৃষ্টির শব্দ অনেকের কাছে খুবই আরামদায়ক লাগে। এটি মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে এবং চাপ কমাতে ভূমিকা রাখে।
গবেষণায় দেখা গেছে, বৃষ্টির শব্দ স্নায়ুতন্ত্রের এমন একটি অংশকে সক্রিয় করে, যা শরীরকে বিশ্রাম ও পুনরুদ্ধারে সাহায্য করে। এতে হৃদস্পন্দন কমে এবং মানসিক চাপও কিছুটা হ্রাস পায়। অনেকেই ঘুমের সময় বৃষ্টির শব্দ শুনতে পছন্দ করেন, কারণ এটি বাইরের অন্যান্য শব্দ ঢেকে দিয়ে ঘুমে সহায়তা করে।
বৃষ্টি শুধু ভিজে যাওয়ার অভিজ্ঞতা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শরীর ও মনের নানা ইতিবাচক দিক। মেজাজ ভালো করা, বাতাস পরিষ্কার রাখা, স্মৃতি জাগানো এবং মন শান্ত করা, এই সব দিক থেকেই বৃষ্টি উপকারী হতে পারে। তাই নিরাপদ থাকলে মাঝে মাঝে বৃষ্টির অভিজ্ঞতা উপভোগ করাও খারাপ নয়।
সূত্র : বিবিসি




