ধোঁয়াটে বাস্তবতা, কুয়াশার আড়ালে প্রকাশিত সত্য আর রহস্যঘেরা গল্প নিয়ে পরিচালক অদিতি রায় পর্দায় আনছেন ওয়েব সিরিজ ‘কুহেলি’। আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে তিন তরুণীর এই রহস্য-কাহিনি।
প্রথম দেখায় একটি মৃত্যুকে স্বাভাবিক মনে হলেও পরে বোঝা যায়, কিছু একটা রহস্য লুকিয়ে আছে। রহস্যের ভেতরে প্রবেশের চেষ্টা করলে স্পষ্ট হয়, কিছুই স্বাভাবিক নয়। শোকের আবহ, পরিচিত মুখ, আর বিশ্বাসের সম্পর্ক—সবকিছুই ধীরে ধীরে প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। ঠিক এমনই এক অস্বস্তিকর ধোঁয়াটে বাস্তবতা দেখা যাবে ওয়েবটিতে।
সে মৃত্যুটি এক প্রভাবশালী পুলিশ অফিসারের। একদিন থানার মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি আত্মহত্যা। তবে তদন্ত যত এগোয়, পরিস্থিতি, প্রমাণ, আচরণ—সবকিছুই ইঙ্গিত দেয় অন্য কিছুর দিকে। শেষ পর্যন্ত সামনে আসে ভয়াবহ সত্য—পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটি।
উঠে আসে তিন তরুণীর রহস্যঘেরা উপস্থিতি। একজন রানা সিংহের স্ত্রী রাধিকার ভূমিকায় সুস্মিতা দে। আরেকজন রাধিকার বোন দেবিকার চরিত্রে ঋদ্ধিমা ঘোষ। তার সংযত ব্যবহার এবং অল্প কথায় অনেক কিছু আড়াল করে রাখার ভঙ্গি চরিত্রটিকে আরও রহস্যময় করে তোলে।
আর হত্যাকাণ্ডের জট খুলতে গল্পে প্রবেশ করেন ডিএসপি অগ্নি বসু, যার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। আবেগে গা না ভাসিয়ে বাস্তবতা নিয়েই ভাবেন। ধাপে ধাপে তথ্য বিশ্লেষণ করে তিনি এগোতে থাকেন সত্যের দিকে। তবে এই পথে প্রতিটি সূত্রই যেন নতুন বিভ্রান্তির জন্ম দেয়। সূত্র: এইসময় অনলাইন
সব মিলিয়ে ‘কুহেলি’ এমন এক রহস্য-কাহিনি, যেখানে প্রতিটি চরিত্রই সম্ভাব্য সত্যের বাহক, আবার একই সঙ্গে সন্দেহের কারণও। কুয়াশা সরে যাক, শেষ পর্যন্ত সত্য কতটা স্পষ্ট হবে—সেই প্রশ্নই এই সিরিজের মূল আকর্ষণ।




