পাকিস্তানি গ্ল্যামার জগতে জনপ্রিয় নাম নাদিয়া হুসেন। দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানি বিনোদন ভুবনে। নাদিয়াকে পাকিস্তানের প্রথম সুপার মডেল হিসেবে ধরা হয়। এবার তিনি প্রশংসায় ভাসালেন নবাগত তরুণ অভিনেতা আশির ওয়াজাহাতকে। আশিরকে তিনি ‘পাকিস্তানি শাহরুখ’ বলেও মন্তব্য করেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাদিয়া হুসেন লেখেন, আশিরের অভিনয় রীতিমতো হৃদয় ছুঁয়ে যায়। সে হলো আমাদের ‘এসআরকে’। এ সময় আশিরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দীর্ঘদিন ধরে পাকিস্তানি বিনোদন ভুবন দাপিয়ে বেড়ানো নাদিয়া হুসেন।
এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় প্রাইম-টাইমের পরিবারকেন্দ্রিক ও আবেগঘন কাহিনিনির্ভর ড্রামা সিরিজ ‘কাফিল’ সম্প্রতি শেষ হয়েছে। ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করা এই ড্রামাটি ব্যাপকভাবে আলোচিত ছিল। সেখানে দুর্দান্ত অভিনয় করেন আশির ওয়াজাহাত। নতুন হলেও তার সাবলীল অভিনয় সবার মন কেড়েছে। আশির যে অদূর ভবিষ্যতে পাকিস্তানি বিনোদন ভুবনের শক্তিশালী তারকা হয়ে উঠবেন—এতে কারও সন্দেহ নেই।
নাদিয়া হুসেন ‘কাফিল’-এ সুবুকের চরিত্রে অভিনয় করা আশির ওয়াজাহাতের অভিনয়ের প্রশংসা করেন। তরুণ অভিনেতার অভিনয়কে সুন্দর, সূক্ষ্ম, নিয়ন্ত্রিত, আবেগপূর্ণ ও আত্মবিশ্বাসী বলে জানান। নাটকটি পাকিস্তানি সুপার মডেলের হৃদয় ছুঁয়ে গেছে এবং আশিরকে তিনি ‘পাকিস্তানের এসআরকে’ বলে উল্লেখ করেন। সূত্র: রিভিউইট
‘কাফিল’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন উমেরা আহমেদ এবং পরিচালনা করেছেন মীসাম নাকভি। পারিবারিক এই ড্রামাটি বিগ ব্যাং এন্টারটেইনমেন্টের একটি উপস্থাপনা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানাম সাঈদ, ইমাদ ইরফানি, হাসান খান, আশির ওয়াজাহাত ও আরিকা হক।
এরই মধ্যে আশির ওয়াজাহাত হাম টিভি অ্যাওয়ার্ডে সেরা টেলিভিশন চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন। এই স্বীকৃতি একজন নবাগত অভিনেতার জন্য খুবই তাৎপর্যপূর্ণ।




