ভালোবাসা, ত্যাগ এবং ভাগ্যের পরীক্ষায় উত্তীর্ণ সম্পর্কের নীরব শক্তিকে সুন্দরভাবে সাজানো একটি অসাধারণ ড্রামা সিরিয়াল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। জনপ্রিয় পাকিস্তানি এ ড্রামাটির শেষ পর্ব আজ (২২ মার্চ) দেখা যাবে। অসাধারণ গল্প ও আবেগঘন দৃশ্য দিয়ে দর্শকদের মন জয় করেছে সিরিয়ালটি। শুধু পাকিস্তানই নয়, পুরো উপমহাদেশেই জনপ্রিয় বিলাল আব্বাস খান ও হানিয়া আমির অভিনীত এ নাটকটি।
প্রথমে ঈদের দিন প্রচারিত হবে বলে ধারণা করা হয়েছিল; কিন্তু ঈদ উৎসবের কারণে এটি এক দিন পিছিয়ে দেওয়া হয়। নির্মাতাদের ধারণা, মানুষ হয়তো উদযাপনে ব্যস্ত থাকবে, ফলে পর্বটি ইউটিউব বা টেলিভিশনে কাঙ্ক্ষিত ভিউ পাবে না। দর্শকরাও রোমান্টিক এই প্রেমকাহিনির প্রধান চরিত্র কামিয়া ও আয়রার গল্পের শেষটা কেমন হবে, তা নিয়ে কৌতূহলী।
সাম্প্রতিক পর্বগুলোতে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর কাহিনি একটি আবেগঘন মোড় নিয়েছে। আয়রা চেষ্টা সত্ত্বেও বিয়ের রাতের কামিয়ার করা সেই অপমান ক্ষমা করতে এবং ভুলে যেতে রাজি নয়। আয়রা-কামিয়ার সাংসারিক এই টানাপোড়েনের সমাপ্তি দেখতেই উন্মুখ ভক্তরা।
বিলাল আব্বাস খান ও হানিয়া আমিরের আবেগঘন অভিনয় সব শ্রেণির দর্শককে বিমোহিত করে। ডক্টর আয়রা ও কামিয়ার চরিত্রে হানিয়া-বিলাল জুটির রসায়ন হৃদয় জয় করেছে। নাটকটির গল্পে কিছু অসম মুহূর্ত থাকলেও বরাবরই দর্শকের চাহিদার তুঙ্গে ছিল।
বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে শেষ পর্বটি আজ রাত সাড়ে ১০টায় সম্প্রচার করা হবে। 'টপ পাকিস্তানি ড্রামা' ইউটিউব চ্যানেলে বাংলাদেশে দেখা যাবে রাত সাড়ে ১১টায়। দর্শকদের তাদের প্রিয় শো দেখার জন্য রাত জেগে থাকতে হবে। ড্রামাটি ভারতের সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিংয়ে রয়েছে।
শেষ পর্বে (৩৪তম) দর্শকরা কামিয়ার ও আয়রার সম্পর্কের সম্পূর্ণ কাহিনি দেখতে পাবেন। ভালোবাসা জিতুক বা হারুক, এ পর্বটি উভয় ক্ষেত্রেই স্মরণীয় হয়ে থাকবে। পারিবারিক সমস্যা, পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং ব্যক্তিগত সমস্যা সরিয়ে দর্শকরা এখন অপেক্ষায়—শেষ পর্যন্ত আয়রা-কামিয়ার ভালোবাসা জয়ী হবে কি না।




