করণ জোহরের রিলেশনশিপ ড্রামা ‘নজদেকিয়া’র গল্প নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বাঙালি ডিভা নিকিতা দত্ত। প্রাইম ভিডিও ইন্ডিয়ার এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন নিকিতা। এ ছাড়াও প্রধান চরিত্রে আরও আছেন পরেশ আহুজা, তাশা শাহ বাদুশা ও আকাঙ্ক্ষা সিং। সূত্র: সিনে এক্সপ্রেস
সিনেমার পর্দায় যাত্রা শুরু হলেও নিকিতা দত্ত নিজেকে আলোয় আনেন ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে। গ্ল্যামারের সঙ্গে দুর্দান্ত অভিনয় করে তিনি উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। ‘কবির সিং’-এ ক্ষণিক উপস্থিতিতেই নজর কাড়েন সবার। ‘ড্রিম গার্ল’ ধারাবাহিকে সাবলীল অভিনয় তাকে তারকাখ্যাতি এনে দেয়।

১৯৯০ সালের নভেম্বরে নয়াদিল্লির একটি বাঙালি পরিবারে জন্ম নিকিতার, শৈশব কেটেছে মুম্বাইয়ে। নেটফ্লিক্সে ‘জুয়েল থিফ’-এ সাইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াতের মতো তারকাদের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হন।


সম্প্রতি করণ জোহরের প্রযোজনায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও তাদের আসন্ন অনুষ্ঠানের তালিকা প্রকাশ করে। সেগুলোর একটি রিলেশনশিপ ড্রামা সিরিজ ‘নজদেকিয়া’। এই সিরিজের মাধ্যমে ধর্মাটিকের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন মিস ইন্ডিয়া ২০১২-এর প্রতিযোগী নিকিতা দত্ত।
‘নাজদেকিয়া’ নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি সিরিজটির সুন্দর গল্প, চমৎকার কাস্টসহ পুরো টিমের প্রশংসা করেন। বলেন, এমন প্রযোজক-পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে আরও অর্থবহ করে তুলেছে।

রুচির অরুণ পরিচালিত সিরিজটি আধুনিক সম্পর্কের এক সমসাময়িক অনুসন্ধানের গল্প। এতে দুই তরুণ-তরুণীর সর্বগ্রাসী সম্পর্কে কর্তব্য ও আকাঙ্ক্ষার টানাপোড়েন উঠে আসে।
নিকিতা দত্ত ভারতীয় টিভি শো দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ২০১৯ সালের ব্লকবাস্টার ‘কবির সিং’ দিয়ে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন। এই অভিনেত্রী ‘দাঙ্গে’, ‘জুয়েল থিফ’ এবং ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর মতো উল্লেখযোগ্য প্রকল্পে কাজ করেছেন।
ওয়েস্টার্ন হোক বা এথনিক লুক—সব ক্ষেত্রেই তার ক্যারিশমা চোখে পড়ার মতো। আত্মবিশ্বাস, অভিনয় ও স্টাইল—তিন শক্তিকে একসূত্রে গেঁথে নিকিতা দত্ত হয়ে উঠেছেন ট্রেন্ডসেটার।




