জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পথে। নাট্যকার রাদাইন শাহ নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহেই শেষ হবে রোমান্টিকতার আবেশ ছড়ানো সিরিয়ালটি। সোশ্যাল মিডিয়ায় এ কথা শোনার পর ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে যারা গল্পের সমাপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, তাদের জন্যও বয়ে এনেছে স্বস্তি। শুধু বাংলাদেশই নয়, ভারতেও খুবই জনপ্রিয় এই পাকিস্তানি ভালোবাসার গল্পটি।
পাকিস্তানি বিনোদনমাধ্যম রিভিউইট সূত্রে জানা যায়, মেরি জিন্দেগি হ্যায় তুর দ্বিতীয়-শেষ পর্বটি আনুষ্ঠানিকভাবে অরি ডিজিটালে আগামী ১৪ মার্চ প্রচারিত হবে। এর গ্র্যান্ড ফিনালে পর্বটি সম্ভবত ২৭ বা ২৮ মার্চ প্রচারিত হতে পারে। ৭ মার্চ বহুল প্রতীক্ষিত প্রথম-শেষ পর্ব সম্প্রচারিত হয়।
আয়রা চরিত্রে হানিয়া আমির ও কামিয়ার চরিত্রে বিলাল আব্বাস খান অভিনীত এ নাটকটির আবেগঘন কাহিনি সব শ্রেণির দর্শককে বিমোহিত করে। হানিয়া-বিলাল জুটির রসায়ন হৃদয় জয় করেছে। নাটকটির গল্পে কিছু অসম মুহূর্ত থাকলেও বরাবরই দর্শকের চাহিদার তুঙ্গে ছিল।
সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর নাট্যকার রাদাইন শাহ নাটকটি শেষের ইঙ্গিত দিয়েছিলেন। নাটকপ্রেমীদের মধ্যে ট্রেন্ডিং হওয়া এ সিরিয়ালের ছিল আকাশছোঁয়া জনপ্রিয়তা। এর মনোমুগ্ধকর কাহিনি দর্শকদের বিমোহিত করে রেখেছিল।
এ বছর ভারতে সর্বাধিক জনপ্রিয় নাটকের একটি ছিল হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের এই ধারাবাহিকটি। তাদের আবেগঘন অভিনয় ও কাহিনি সব শ্রেণির দর্শককে টেলিভিশনের পর্দায় বুঁদ করে রাখে।
আয়রা আর কামিয়ারের প্রেমের গল্পটি অবশেষে অনেকের মধ্যে স্বস্তির পাশাপাশি হতাশাও বিরাজ করছে।




