ক্যারিয়ারের শুরু থেকেই নিঃসঙ্গ সংগ্রাম আর আবেগকে সামলে চলা শেহনাজ গিল এখন বিনোদন ভুবনে এক প্রতিষ্ঠিত নাম। প্রতিনিয়ত ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন প্রতিটি পদক্ষেপে। প্রযোজক ও প্রধান নায়িকা হিসেবে ‘ইক কুড়ি’ দিয়ে গত অক্টোবরে নিজেকে নিয়ে যান সাফল্যের শিখরে। রোমান্স, সন্দেহ এবং আত্ম-আবিষ্কারের একটি প্রাণবন্ত গল্পে নির্মিত এই রোমান্টিক ড্রামাটি দারুণ সাড়া ফেলেছিল বি-টাউনে।
শেহনাজ গিলের বিনোদনমূলক এই সিনেমা যারা সিনেমা হলে দেখতে পারেননি তাদের জন্য সুখবর। ২৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে আসছে পাঞ্জাবি পারিবারিক দর্শকদের মুগ্ধ করা ‘ইক কুড়ি’। চৌপাল অ্যাপে স্ট্রিম করা হবে সিনেমাটি। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
ভাঙা হৃদয়ের পরিবারের এক তরুণী তার সাজানো বৈবাহিক সম্পর্কে সন্দেহ করতে শুরু করে এবং তার বাগদত্তার রহস্যময় অতীত উন্মোচনের চেষ্টায় মত্ত হয়। সেই রহস্যভেদ অভিযানের গল্পে তৈরি এ সিনেমাই শেহনাজ গিলকে এনে দিয়েছে স্বীকৃতি ও তারকাখ্যাতি।
‘ইক কুড়ি’-তে শেহনাজ গিল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এবং প্রশংসিত হয়েছেন। বক্স অফিসে খুব বেশি সফল না হলেও এটি পারিবারিক দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে।
‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর থেকেই শেহনাজের জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর ‘শিভ দি কিতাব’ মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন। ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর পর ‘কালা শাহ কালা’, ‘ডাকা’, ‘হনসলা রাখ’, আর বলিউডে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন।




