সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি সিরিয়ালের একটি ‘তেরে বিন’। নিয়মিত পাকিস্তানি ড্রামা দেখেন কিন্তু ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদি জুটিকে চেনেন না—এমন নাট্যপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর।
২০২২ সালে ‘তেরে বিন’ দিয়ে দর্শকহৃদয়ে ঝড় তুলেছিলেন এ যুগল। সিরিজটি শেষ হওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের অধীর আগ্রহ—কবে আসবে এর দ্বিতীয় কিস্তি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ‘তেরে বিন:২’ নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন এ জনপ্রিয় জুটি।
‘তেরে বিন’ সিরিয়ালটি পাকিস্তানের বিনোদন অঙ্গনের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এর ব্যাপক সাফল্যের পর সিরিজটির নির্মাতা ঘোষণা দেন, খুব শিগগির এর সিক্যুয়েল নিয়ে কাজ করবেন তিনি। দীর্ঘ সময় পর এলো সেই সুখবর। ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদি জুটির একটি ছবি প্রকাশ করে এর দ্বিতীয় কিস্তির বিষয়টি নিশ্চিত করেন পরিচালক সিরাজ-উল-হক। সূত্র: সিয়াসাত ডেইলি
সিরিজ সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ‘তেরে বিন ২’-এর শুটিং চলতি বছরই শুরু হবে। সিরিজটিতে প্রথম কিস্তির মতোই মূর্তাসিম ও মেহরুব চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদিকে। বছরের শেষ দিকে দর্শকরা আবারও বুঁদ হতে পারবেন তাদের প্রেমের গল্পে।
‘তেরে বিন’ একটি রোমান্টিক-ড্রামা ঘরানার সিরিয়াল। যেখানে ফুটে উঠেছিল একটি নারীর আত্মসম্মান লড়াইয়ের গল্প। সিরিয়ালে মেহরুব ও মূর্তাসিমের মধ্যকার জটিল প্রেমের সম্পর্ক এবং ভুল বোঝাবুঝির কাহিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে দর্শকমহলে। এখন দেখার বিষয়, ‘তেরে বিন:২’ দর্শকের সেই আগের চাহিদা পূরণ করতে পারে কি না।




