আমেরিকান কমেডি-হরর সিরিজ ‘ওয়েডনেসডে’ উঠতি বয়সের অতিপ্রাকৃত এক বালিকার কাহিনি নিয়ে নির্মিত। ২০২২ সালে যখন সিরিজটির প্রথম অংশ মুক্তি পায়, দর্শকরা মূল চরিত্র জেনা ওর্তেগার মাধ্যমে হরর মুভির এক নতুনত্ব প্রত্যক্ষ করতে পারেন। এরই ধারাবাহিকতায় এবার আসতে চলেছে ‘ওয়েডনেস ডে’ সিরিজের তৃতীয় সিজন। কমেডি ও হররের মিশ্রণ ঘটানো এই সিরিজে নতুনভাবে যোগ দিলেন ব্রিটিশ অভিনেত্রী লেনা হেডি, আমেরিকান অভিনেতা ও ভ্রমণ লেখক অ্যান্ড্রু ম্যাককার্থি এবং জেমস ল্যান্স।
প্রথম সিজনের সাফল্যের তিন বছরের মাথায় গত বছরের সেপ্টেম্বরে আরও অন্ধকার ও জটিল রহস্য নিয়ে হাজির হয় ‘ওয়েডনেসডে সিজন ২’। সিজন ২-এর চারটি পর্ব দেখা যায় নেটফ্লিক্সে। সিজন ২-ও ব্যাপক দর্শকনন্দিত হয়। সে সাফল্যের পর দ্রুতই নেটফ্লিক্সের এই জনপ্রিয় সিরিজটির পরবর্তী সিজন চূড়ান্ত করা হয়। এরই মধ্যে আয়ারল্যান্ডের ডাবলিনে অফিসিয়ালি সিজন ৩-এর শুটিং শুরু হয়েছে। মূল চরিত্রে আগের মতোই আছেন জেনা ওর্তেগা (ওয়েডনেস ডে) এবং এমা মায়ার্স (এনিড)। আর আন্ট ওফেলিয়ার চরিত্রে আগেই যুক্ত হন ইভা গ্রিন।
টিম বার্টনের পরিচালনায় ‘ওয়েডনেসডে সিজন ৩’-এ নতুন যোগ দেওয়া লেনা, ম্যাককার্থি ও জেমস ল্যান্সের ভূমিকা কী হবে—সেটি রহস্য রেখে দিলেন সিরিজটির শো-রানা আল গফ ও মাইলস মিলার। সিজন ৩-এর জন্য ‘ওয়েডনেস ডে’-র অন্ধকার ও জটিল জাদুকরী জগতে নতুন আরও সংযোজন সাইরাস চরিত্রে নোয়া টেলর, ডেইজি চরিত্রে কেনেডি ময়ের, অ্যাটিকাস চরিত্রে অস্কার মরগান এবং বালথাজার চরিত্রে ক্রিস সারান্ডন।
সিজন ২-এর শেষে দেখা যায়, ওয়েডনেসডে নেকড়ের রূপে আটকা তার বন্ধু এনিডকে বাঁচাতে আঙ্কেল ফেস্টারের সঙ্গে যাত্রা করে। সেখান থেকেই শুরু হবে নতুন সিজনের কাহিনি। নতুন সিজনে নেভারমোর অ্যাকাডেমির রহস্য আরও গভীরে গিয়ে অ্যাডামস পরিবারের গোপন তথ্য এবং ওয়েডনেসডের জীবন নিয়ে আরও অন্ধকারাচ্ছন্ন গল্প দেখানো হবে।
‘একঝাঁক নতুন তারকার সঙ্গে পুরোনো তারকাদের মেলবন্ধনে নেটফ্লিক্সের আসন্ন সিরিজটি নিশ্চিত বক্স অফিস মাতাবে। ২০২৭ সালের প্রথম দিকেই সাড়া জাগানো সিরিজটির নতুন পর্বগুলো দর্শকরা উপভোগ করতে পারবেন।




