চতুর্থ দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে সার্কুলার জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর থেকে জারি করা সার্কুলারে বলা হয়, আয়কর আইন-২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ নির্ধারণ করা হলো।
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এরপর প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি এবং তৃতীয় দফায় দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
অনলাইনে যেভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন
সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।
অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।




