টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে সম্প্রতি দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ বিষয়ে সাংবাদিকরা চাইলে গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।
এ সময় পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন জানিয়ে তিনি বলেন, তবে সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা সরকার করছে।
সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংকঋণ নিচ্ছে এ ধারণা সঠিক নয়। ভুল তথ্যের কারণে দেশের ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া একটি নিয়মিত বিষয়।
তিনি বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ অলিগার্কদের হাতে কেন্দ্রীভূত হয়েছে। অতীতে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকের হাতে বিপুল অর্থ তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়।
অর্থমন্ত্রী বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে দারিদ্র্যের হার ধীরে ধীরে কমছে। তবে অনেক ব্যবসায়ী এখনও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন এবং ব্যাংকঋণ পরিশোধেও সমস্যায় পড়ছেন। অর্থনৈতিক বৈষম্য দূর করাই সরকারের প্রধান লক্ষ্য।




