দেশের আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্ট’স অর্ডার নং ১২৭ অব ১৯৭২)-এর ১০(৫) ধারা অনুযায়ী, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগকালীন সময়ে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। এ সংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
শিক্ষাগত ও পেশাগত পরিচয়
মো. মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিকম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত যোগ্যতা অর্জন করেন। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের একজন ফেলো সদস্য (এফসিএমএ)।
দীর্ঘ ৩৩ বছরের বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট আর্থিক সুশাসন, করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দিয়েছেন। ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কৃষিভিত্তিক উদ্যোগ এবং শিল্প খাতে বিনিয়োগ তদারকি ও আর্থিক পরিকল্পনায় তার অভিজ্ঞতা রয়েছে।
ব্যবসা ও সাংগঠনিক সম্পৃক্ততা
পেশায় উদ্যোক্তা ও ব্যবসায়ী মোস্তাকুর রহমান বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থিত রপ্তানিমুখী পরিবেশবান্ধব কারখানা ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তৈরি পোশাকের পাশাপাশি আবাসন খাতেও তার ব্যবসা রয়েছে।
তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্য হিসেবে বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের বোর্ড সদস্য ছিলেন।
মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।




