ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্ট: ইনডাকশন অ্যান্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউআইইউ ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানিক মূল্যবোধ এবং একাডেমিক প্রশাসনে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। এতে বক্তব্য দেন বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম, ইইই বিভাগের আন্ডারগ্রাজুয়েট কোঅডিনেটর ড. সাদিদ মুনীর, ইউআইইউর রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান, পরিচালক (কো-অডিনেশন) প্রফেসর এ.এস.এম. সালাহউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মিসেস নার্গিস জাহান এবং জনসংযোগ বিভাগের পরিচালক জনাব আবু সাদাত।
অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য দেন ইউআইইউ আইকিউএসির পরিচালক ড. মফিজুল হক মাসুম, ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির উপপরিচালক এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাকোয়ান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় প্রশাসনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে একটি দক্ষ, দায়িত্বশীল ও সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ অধিবেশনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, একাডেমিক প্রশাসনে দক্ষতা উন্নয়ন, এবং প্রতিষ্ঠানিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তারা অংশগ্রহণকারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, নৈতিকতা, নীতিমালা ও সর্বোত্তম চর্চা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




