হোয়াইট হাউস করেস্পন্ডেন্ট নৈশভোজ অনুষ্ঠানে ঘটে যাওয়া গুলির ঘটনাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতার অকাট্য প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। তার মতে, নিজের প্রেসিডেন্সি ক্ষমতা প্রভাবশালী হওয়ার কারণে তাকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ওয়াশিংটনের হিলটন হোটেলে আকস্মিক গুলির ঘটনা ঘটে। এ ঘটনার মাত্র এক ঘণ্টা পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্মেলন মঞ্চেও ট্রাম্পকে পরিপাটি পোশাকে দেখা যায়। তার সামনে ছিলেন ওয়াশিংটনের প্রভাবশালী সাংবাদিকরা, যারা হিলটনের নৈশভোজ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘যখন আপনি প্রভাবশালী হন, তখন আপনার ওপর তারা (শত্রু) চড়াও হয়। যদি আপনার ক্ষমতার প্রভাব থাকবে না, তবে তারা আপনাকে একা ছেড়ে দেবে।’
হিলটনে যখন ছয় থেকে সাত রাউন্ড গুলির শব্দ শোনা যায় তখন উপস্থিত ২৬০০ জনের অনেকে প্রাণভয়ে মেঝেতে শুয়ে পড়েছিলেন। সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়েও ট্রাম্প নিজেকে একজন অদম্য নায়ক এবং বিজয়ী হিসেবে উপস্থাপন করেন।
এই সুযোগে তিনি হোয়াইট হাউসে একটি বিতর্কিত বলরুম তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। বলরুমটি ওয়াশিংটন হিলটনের চেয়ে বেশি নিরাপদ হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, তারা আদালতের কাছে বলরুম নির্মাণে বাধা হয়ে দাঁড়ানো মামলাটি খারিজের আবেদন করবেন। রিপাবলিকান সিনেটর টিম শিহি এবং প্রতিনিধি র্যান্ডি ফাইনও এই বলরুম নির্মাণের অনুমতির জন্য আইন আনার পরিকল্পনা করছেন।
ট্রাম্প বলেন, ‘আমাদের বলরুমটি দরকার। এ কারণেই সিক্রেট সার্ভিস ও সেনাবাহিনীও এটি নির্মাণের দাবি করছে।’ তবে প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মকর্তারা এমন কোনো দাবি জানিয়েছেন, তার কোনো প্রমাণ দেননি তিনি।
নিজের বিপদকে রাজনৈতিক সম্পদে রূপান্তর
আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্য সংঘটিত যুদ্ধের কারণে ট্রাম্পের জনসমর্থন বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে। ২০২৪ সালের জুলাইতে পেনসিলভানিয়ায় নির্বাচনি র্যালিতে বাটলারের হামলার মতো এই ঘটনাকেও ট্রাম্প নিজের জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। নিজের ওপর ঘটসান বিপদকে তিনি রাজনৈতিক সম্পদে রূপান্তর করতে চাইছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘বিপদকে রাজনৈতিক সুযোগে রূপান্তর করতে এই প্রেসিডেন্টের চেয়ে দক্ষ আর কেউ নেই।’
শনিবারের এই হামলাটি চালিয়েছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন। তিনি ট্রেনযোগে এসে হিলটনে চেক-ইন করেছিলেন। একসঙ্গে শটগান, হ্যান্ডগান ও ছুরি নিয়ে ট্রাম্পের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেছিলেন। হামলাকারীর কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ট্রাম্প ও তার কর্মকর্তাদের ওপর হামলার ইচ্ছার কথা লেখা ছিল।
সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেকে আব্রাহাম লিংকনের সঙ্গে তুলনা করে বলেন, তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন বলেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘এতে ড্রোন-প্রুফ ছাদ এবং বুলেটপ্রুফ গ্লাস থাকবে। তবে মাত্র ৬৫০ জন অতিথির জন্য পরিকল্পিত স্থান থাকায়, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজের মতো বড় অনুষ্ঠানের জন্য এর ধারণক্ষমতা যথেষ্ট হবে না।’
রোববার (২৬ এপ্রিল) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই বলরুমটি থাকলে এমন ঘটনা ঘটত না। এছাড়া তিনি এই হামলার ঘটনাকে অভিবাসন নিয়ন্ত্রণ এবং হোমল্যান্ড সিকিউরিটির জন্য বাড়তি অর্থ বরাদ্দের অজুহাত হিসেবেও ব্যবহার করছেন।




