যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনাকে ‘অদ্ভুত সন্ধ্যা’ বলে অভিহিতি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রেসিডেন্টকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ কথা বলেছেন।
তিনি আশ্বস্থ করেছেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদ আছেন।
ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস অত্যন্ত সাহসিকতা ও দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। হামলাকারী বন্দুকধারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
এই ঘটনাকে ওয়াশিংটন ডিসির জন্য একটি অদ্ভুত সন্ধ্যা হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, আমি অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে কথা বলেছি। নিরাপত্তার স্বার্থে আজকের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠান পুনরায় আয়োজন করা হবে।
নিরাপত্তা বাহিনীর তৎপরতার প্রশংসা করে ট্রাম্প আরও জানান, তিনি খুব শিগগিরই এই বিষয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন। এই ঘটনার পর হোয়াইট হাউস এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।




