লেবানন ইস্যুতে কঠোর অবস্থানের পর এবার ইসরায়েলের প্রশংসায় মেতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ ও বিশ্বস্ত মিত্র হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, মানুষ পছন্দ করুক আর না করুক, ইসরায়েল নিজেদের যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু হিসেবে প্রমাণ করেছে।
রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ট্রাম্প বলেন, ইসরায়েলিরা সাহসী, বুদ্ধিমান এবং অনুগত জাতি। বিশ্বের অনেক দেশ কঠিন সময়ে তাদের আসল রূপ পরিবর্তন করলেও ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে।
তিনি আরও বলেন, ইসরায়েল জানে কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করতে হয়; জয় ছিনিয়ে আনতে হয়।
ইসরায়েল নিয়ে ট্রাম্পের প্রশংসা এমন একটা সময় এসেছে, যেখানে মাত্র একদিন আগে শনিবার (১৮ এপ্রিল) তিনি লেবাননে ইসরায়েলি বিমান হামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। সে সময় তিনি স্পষ্টভাবে বলেছিলেন, লেবাননে বোমা হামলা চালানো এখন থেকে ‘নিষিদ্ধ’ এবং এই সংঘাতের এবার শেষ হওয়া উচিত।
তবে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও লেবানন থেকে আসা খবরে জানা গেছে, শনিবারও সেখানে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে আলজাজিরা জানায়, ট্রাম্পের নিষেধাজ্ঞার পরদিনই নতুন করে বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।




