ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (২২ এপ্রিল) মধ্যরাতে ট্রুথ সোশ্যালে ইরানে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের এ ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মহাসচিব ট্রাম্পের এ উদ্যোগের প্রশংসা করেছেন।
এই পদক্ষেপ একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির জন্যও গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন ডুজারিক।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় উভয়পক্ষকে অনুরোধ জানিয়েছে, তারা যেন যুদ্ধবিরতি লঙ্ঘন না করে। শুধু তাই নয়, গঠনমূলক আলোচনায় অংশ নিয়ে এই পদক্ষেপকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গুতেরেসের কার্যালয়ের মুখপাত্র আরও বলেছেন, জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি আলোচনার জন্য পাকিস্তানের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এ প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের একটি টেকসই সমাধানের অনুকূল পরিস্থিতি তৈরিতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বিশ্বের ‘অভিভাবক’ হিসেবে পরিচিত জাতিসংঘ। সংঘাত থামাতে কোনো নিরপেক্ষ ভূমিকাও রাখতে পারেনি সংস্থাটি।
এদিকে ইরানে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও ওমান উপসাগরে ও ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সরকার গুরুতরভাবে বিভক্ত, যা অপ্রত্যাশিত নয়। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধ করেছেন, তাদের (ইরান) নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত আমাদেরকে ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে ও অন্য সকল দিক থেকে প্রস্তুত এবং সক্ষম থাকতে নির্দেশ দিয়েছি। ফলস্বরূপ, তাদের প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত এবং আলোচনা কোনো না কোনোভাবে শেষ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছি।




