তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, জ্বালানি তেলের পরিবর্তে পানিই হবে আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। বর্তমান বিশ্বে ক্ষমতার লড়াই তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জীবাশ্ম জ্বালানির জায়গা দখল করবে পানি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তুরস্কের ‘জেনারেল ডিরেক্টরেট অব স্টেট হাইড্রোলিক ওয়ার্কস’-এর নতুন স্থাপনা উদ্বোধনকালে তুর্কি প্রেসিডেন্ট এ মন্তব্য করেন বলে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এরদোয়ান বলেন, জলবায়ু পরিবর্তন, খরা, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং শিল্পায়নের মতো বিষয়গুলো পানির উৎসের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে ২২০ কোটি মানুষ নিরাপদ পানি পাচ্ছে না।
‘ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট’-এর বরাত দিয়ে তিনি জানান, ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষ পর্যাপ্ত বিশুদ্ধ পানি পাবে না।
উৎপাদন ও জ্বালানির অন্যতম প্রধান উপাদান হিসেবে পানিকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে অভিহিত করেছেন এরদোয়ান। তিনি বলেন, বর্তমানে প্রতিটি খাতে ক্ষমতার প্রতিযোগিতা তীব্র হচ্ছে। তবে আগামী দিনে পানিই সবচেয়ে কৌশলগত সম্পদ হিসেবে টিকে থাকবে।
এরদোয়ান বলেন, পানিসম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংগ্রামের লক্ষণগুলো ইতোমধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতোমধ্যে পানি নিয়ে মধ্যপ্রাচ্য ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সংঘাত শুরু হয়ে গেছে। আগামী সময়ে বিভিন্ন দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই কেবল খনিজ তেল বা গ্যাসের ওপর ভিত্তি করে হবে না। ভবিষ্যতে পানির নিয়ন্ত্রণই হবে ভূ-রাজনীতির মূল বিষয়।


-1778455118-16678_1778455263.webp)

