কূটনৈতিক উপায়ে হরমুজ প্রণালি খুলতে চাওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ‘দুর্বল’ বলে উপহাস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ট্রাম্প ব্রিটিশ নৌবাহিনীকে নিয়েও বিদ্রুপ করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা।
ইরান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’। এরপর এ জলপথ খুলতে কূটনৈতিক উপায় অবলম্বন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এ বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দেশটির নৌবাহিনীকে উপহাস করেন।
হোয়াইট হাউসে আয়োজিত এক ব্যক্তিগত ইস্টার লাঞ্চের ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টরমারের কণ্ঠ নকল করে কথা বলছেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে দুটি পুরোনো ও অকেজো বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে স্টরমার তাকে জানিয়েছিলেন যে, এ বিষয়ে তাকে তার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করতে হবে।
ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিটেনের উচিত ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো মিত্র হওয়া। কিন্তু, তারা আমেরিকার বন্ধু দেশের মতো আচরণ করছে না। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ব্রিটেনের সরাসরি জড়াতে না চাওয়ার বিষয়টিকে তিনি নেতিবাচকভাবে উপস্থাপন করেন।
এরপরই ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দেশটির নৌবাহিনীকে উপহাস করেন। এর আগেও ব্রিটিশ বিমানবাহী রণতরী নিয়ে ট্রাম্প বিদ্রূপ করেছেন। তিনি দেশটির বিমানবাহী রণতরীগুলোকে খেলনা বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এগুলো মানসম্মত নয়।


-1778455118-16678_1778455263.webp)

