চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৯ থেকে ২০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। বর্তমানে এ অঞ্চলে যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরানেও একই সময়ে ঈদ পালন করা হবে।
বুধবার ( ১৮ মার্চ) গালফ নিউজ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ (বুধবার) সন্ধ্যায় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ এসব দেশে রমজানের ২৯তম দিন।
সৌদি আরব ও আরব আমিরাত ছাড়াও বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান এবং ইরাকের একাংশ আজ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে শাওয়ালের নতুন চাঁদের সন্ধান করবে।
প্রায় একই সময়ে ইরানে ঈদ পালন করা হবে। সেখানে ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলমান আঞ্চলিক সংঘাতের কারণে ইরানে অনেক মানুষ হতাহতের শিকার হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিলিফওয়েব জানিয়েছে, হামলায় ১,২০০ জনেরও বেশি নিহত ও ১৫,০০০ জনেরও বেশি আহত হয়েছেন। এ সময় প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এই সংঘাতের কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে স্বাস্থ্যকেন্দ্রে অন্তত ১৮টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যাতে আটজন নিহত হয়েছেন। এই সংকটকালে চিকিৎসা পরিষেবার ওপর আরও চাপ সৃষ্টি হয়েছে।
সংঘাত আরও বাড়ার আশঙ্কায় অনেক পরিবার বড় জমায়েতের পরিবর্তে ব্যক্তিগতভাবে রমজান ও ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের নেতৃত্ব আলোচনা প্রত্যাখ্যান করেছে।


-1778455118-16678_1778455263.webp)

