ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। আক্রমণ বন্ধ করে সবাইকে আলোচনার আহ্বান জানিয়েছে রুশ সরকার।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে এবং যুদ্ধকে কূটনীতির পথে ফিরিয়ে আনতে পারে।
তিনি সতর্ক করে দিয়ে জানান, এই অঞ্চলজুড়ে মানবিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এখন মধ্যপ্রাচ্যে চলমান এ উত্তেজনা গভীর উদ্বেগজনক এক বিষয়।
প্রায়ই একই কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, এ যুদ্ধ পুরো (মধ্যপ্রাচ্য) অঞ্চলে ছড়িয়ে পড়ার আগে এ সংঘাতের অবসান ঘটাতে হবে। কূটনৈতিকভাবেই এ সমস্যার সমাধান সম্ভব। তবে কূটনৈতিক প্রক্রিয়াকে সমস্যা সমাধানের সুযোগ দিতে হবে।
নিজ রাজনৈতিক দলের সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক সবাইকে (বিবদমান পক্ষগুলোকে) আলোচনার টেবিলে নিয়ে আসতে চায়। এছাড়া দেশটি কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনা করে তুরস্ক সতর্কতার সঙ্গে কথা বলছে। এছাড়া দেশটি চারপাশের সংঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্ক পদক্ষেপ নিচ্ছে।
এরদোয়ান আরও বলেন, তুরস্ক এ আঞ্চলিক সংকটের বিষয়ে উদাসীন নয়। প্রয়োজনের সময় তুর্কিরা বন্ধু ও ভাইদের থেকে মুখ ফিরিয়ে নেয় না।


-1778455118-16678_1778455263.webp)

